|
|
যৌতুকের দাবিতে স্বামীগৃহে আঁখিকে লাগাতার নির্যাতন : উদ্ধার করতে গিয়ে সরিষাডাঙ্গায় দাদি মা ও ফুফু লাঞ্ছিত!
স্টাফ রিপোর্টার: যৌতুকের দাবিতে আঁখিকে তার স্বামী সরিষাডাঙ্গার আল আমিন লাগাতারভাবে নির্যাতন করছে খবর পেয়ে আঁখির দাদি, মা ও ফুফু ছুটে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। এ অভিযোগ তুলেছেন আঁখির দাদি। তিনি বলেছেন, গতকালই আঁখিকে তার স্বামীগৃহ থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার ইস্রাফিলের মেয়ে আঁখির সাথে জেলা সদরের মোমিনপুর সরিষডাঙ্গার আল আমিনের বিয়ে হয়। বিয়ের সময় আল আমিন কিছুই দাবি করেনি। সে কৃষক। বিয়ের কিছুদিনের মাথায় পালসার মোটরসাইকেল দাবি করলে বলা হয়, ওই মোটরসাইকেল কী হবে? চাষ করতে কি মোটরসাইকেল লাগে? এ কথায় ক্ষুব্ধ হয়ে আল আমিন বাড়ি ফিরে তার স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে। খবর পেয়ে গতকাল তার বাড়িতে গেলে আল আমিনের বাড়ির লোকজন রুখে এসে আঁখির দাদি, মা ও ফুফুকে লাঞ্ছিত করে। পরে আঁখিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আঁখির মা ও দাদিদের অভিযোগের ভিত্তিতে এ তথ্য জানা গেলেও অভিযুক্ত আল আমিনের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
|
|