|
|
দেশে-বিদেশের টুকরো খবর
খুলনায় বিদ্যুতস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: খুলনায় বিদ্যুতস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার রূপসা উপজেলার শ্রীগাতি গ্রামে ডিপটিউবওয়েল বসাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিল্টন (২১), গফফর (২৫) ও বেল্লাল (২৪)। আহতরা হলেন- শাহরুজ্জামান ও রাজ্জাক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জে। স্থানীয়রা জানান, ডিপটিউবওয়েল বসাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের লাইন থেকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
জাতীয় সংসদে শিশুদের জন্য গ্যালারি
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে শিশুদের জন্য আলাদা গ্যালারি চালু করা হচ্ছে। আগামী মঙ্গলবার ১৪তম অধিবেশনের শুরুর দিন সংসদ অধিবেশনে এ গ্যালারির উদ্বোধন ঘোষণা করবেন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বাংলাদেশ জাতীয় সংসদে এই প্রথম অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য ‘শিশু গ্যালারি’ চালু করা হচ্ছে। এখন থেকে শিশুরা বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারবে। এর আগে অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য অধিবেশন দেখার কোনো সুযোগ ছিলো না।
ইউনিয়ন সচিবদের আমরণ অনশনের ঘোষণা
স্টাফ রিপোর্টার: চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণির অফিসার পদমর্যাদা দেয়া না হলে ১৮ নভেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির সভাপতি সোহেলুর রহমান। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতি আয়োজিত অবস্থান ধর্মঘট কর্মসূচির বক্তৃতায় এ ঘোষণা দেয়া হয়। সোহেলুর রহমান বলেন, ৫ জানুয়ারি চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণির অফিসার পদমর্যাদা দেয়ার ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও তা অজানা কারণে ঝুলে আছে।
রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগ নেতা হত্যা
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে গত রোববার রাতে আবদুর রশিদ মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তিনি উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে থানায় দিয়েছে স্থানীয় লোকজন। রাত ১১টার দিকে কয়েক ব্যক্তি আব্দুর রশিদ মোল্লাকে জোর করে পাশের একটি মাঠের দিকে নিয়ে যায়। তার চিত্কারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রশিদ মোল্লাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পাকিস্তানে আত্মঘাতি হামলায় ২ আমেরিকান নিহত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ালার পেশোয়ারে গতকাল সোমবার সকালে আত্মঘাতি বোমা হামলায় দু আমেরিকান নাগরিক নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। গত রোববার খাইবারের প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হুসাইন এ খবর নিশ্চিত করেছেন। ঠিক কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আলোর মুখ দেখলো সৌদি আরবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
মাথাভাঙ্গা মনিটর: চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হচ্ছে সৌদি আরবের প্রথম নারী চিত্রনির্মাতা হাইফা আল মনসুর পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়াজদা। এটিই সৌদি আরবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দেশটিতে জনসমক্ষে চলচ্চিত্র প্রদর্শনী নিষিদ্ধ হওয়ায় ওয়াজদা নির্মাণের প্রক্রিয়ায় বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে বলে জানান এর পরিচালক। সৌদি আরবের প্রেক্ষাপটে গড়ে উঠেছে ৯৮ মিনিটের ওয়াজদা ছবির কাহিনী। দেশটির নানা প্রথা আর ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া একজন মেয়ের অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে এ ছবিতে।
তুরস্কে নিরাপত্তাকর্মী ও কুর্দি সংর্ঘষ : নিহত ২৯
মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে নিরাপত্তাকর্মী এবং কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিরাপত্তাকর্মী এবং ২০ জন কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। প্রাদেশিক গর্ভনর ভাদেতিন ওজকান সংবাদ মাধ্যমকে জানান, সিরীয় এবং ইরাকের সীমান্তবর্তী এলাকার কাছে এ হামলা ঘটলে উভয় পক্ষের মোট ২৯ জন নিহত হয়। গত রোববার দিনের শেষদিক থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে বলে তিনি জানান।
আলেপ্পোয় বিমান হামলায় নিহত ২৫
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার আলেপ্পো প্রদেশে গতকাল সোমবার বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। রাজধানী দামেস্কের জারামানা এলাকার একটি রাস্তার মোড়েও বোমা বিস্ফোরণ ঘটেছে। অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। এক সাক্ষাত্কারে সিরিয়ায় নবনিযুক্ত আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি বলেছেন, সিরিয়ায় তার কূটনৈতিক দায়িত্বের সফলতা প্রায় অসম্ভব বলে তিনি ধরে নিয়েছেন। সিরিয়া সফরে আগামী শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দেখা হবে বলে আশা করছেন তিনি। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, আলেপ্পোর আল-বাব শহরে একটি ভবনে বিমান হামলা হয়। এতে নিহত হওয়া ২৫ জনের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। দামেস্কের জারামানা উপশহরে বোমা হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। সিরিয়ায় ২০১১ সালের ১৫ মার্চ শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২০ হাজার লোক নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
|
|