|
|
ঈদে চাহিদা মেটাতে না পারায় ট্রাকচালক স্বামীর ওপর স্ত্রীর অভিমান : পরনের পোশাকে কেরোসিন ঢেলে আগুন : মৃত্যুশয্যায় গৃহবধূ আমেনা
খাইরুজ্জামান সেতু: গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঝলসে গেছে আমেনা খাতুন নামের এক গৃহবধূ। গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা কানাপুকুরপাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ আমেনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আমেনা খাতুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন।
পরিবারের সদস্যরা বলেছেন, দু কন্যার জননী আমেনা খাতুনের (৩৪) স্বামী তাজু ট্রাকচালক। ১০ চাকার ট্রাক নিয়ে তিনি অধিকাংশ সময়ই চুয়াডাঙ্গার বাইরে থাকেন। ঈদে বাড়ি ফিরেছেন। ঈদ উপলক্ষে তার নিকট স্ত্রী আমেনা খাতুন নতুন শাড়িসহ সংসারের খুঁটিনাটি কেনার কথা বলেন। তাজু তার স্ত্রীর চাহিদা মেটাতে না পারলে দাম্পত্য কলহ দানা বাধে। অভিমানি স্ত্রী গতরাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরে বসে ল্যাম্পের কেরোসিন নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার দিতে থাকে। স্বামী তাজু তার স্ত্রীর শরীরের আগুন নেভাতে গিয়ে সামান্য আহত হন। আমেনা খাতুনের গায়ে আগুন নিয়ে পাশের পুকুরের দিকে দৌড়ে যান। পানির নিকট যাওয়ার আগেই আগুনে ঝলসে যায় তার শরীরের সিংহভাগ। তাকে দ্রুত উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
শরীরের অধিকাংশ স্থানই ঝলসে গেছে। তীব্র যন্ত্রণায় কাতর আমেনা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিলেও কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা প্রকাশ করেন। তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পারিবারিকভাবে আমেনাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিলো। আমেনা খাতুনের আবস্থা ছিলো খুবই সংকটাপন্ন। তার দুমেয়ে তানজু (১৪) ও তুলি (৯) মায়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরা বলেছেন, আমেনা খাতুন বরাবরই একটু অভিমানী প্রকৃতির। ঈদে চাহিদা মতো শাড়ি না পেয়ে স্বামীর ওপর অভিমান করে।
|
|