|
|
ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্টপার্টির দু ক্যাডার গ্রেফতার
স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্টপার্টির (জনযুদ্ধ) ২ ক্যাডারকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের জলিল মণ্ডলের ছেলে আইনাল হোসেন ওরফে আমিরুল (৩৭) এবং একই উপজেলার বড় খাজুরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে জামির হোসেন (২৭)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি বিদেশি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলি রয়েছে। ঝিনাইদহ র্যাব-৬’র কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, গতকাল রাত ১১টার দিকে পূর্ববাংলা কমিউনিস্টপার্টির (জনযুদ্ধ) ক্যাডাররা গোপন বৈঠক করছে মর্মে খবর পেয়ে সদর উপজেলার হলিধানী বাজার সংলগ্ন জামতলা মাঠে তারা অভিযান চালায়। অভিযানকালে র্যাব চরমপন্থি ক্যাডার আইনাল হোসেন ও জামির হোসেনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র্যাব ১টি বিদেশি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি ও অপহরণের মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
|
|