|
|
দামুড়হুদায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউপি মহিলা মেম্বারকে বেধড়ক পেটালেন আ.লীগের সাধারণ সম্পাদক
ষ্টাফ রিপোর্টার: দামুড়হুদায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে নতিপোতা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মনোয়ারাকে (সংরক্ষিত) বেধড়ক পিটিয়েছেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। একই সাথে তিনি মহিলা মেম্বারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকি দেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে সরকারিভাবে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য ৩ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত ভিজিএফ কার্ডগুলো বিতরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কোনো কর্তৃত্ব নেই। সব কিছুই করছেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাফর আলী ও তার সাঙ্গপাঙ্গরা। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা মেম্বার মনোয়ারার ভিজিএফ কার্ডগুলো জাফর আলী তার লোকদের কাছে দিয়ে দিতে বলেন। এতে মনোয়ারা রাজি না হওয়ায় জাফরের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাফর আলী ক্ষিপ্ত হয়ে মনোয়ারার তলপেটে সজোরে লাথি মারেন। মহিলা মেম্বার এ সময় সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলে তাকে লাথি, কিল, ঘুষি মারতে থাকেন এবং তাকে হত্যা করার হুমকি দেন। এ অবস্থায় ইউপি সদস্য শামসুল আলম ও ইউপি সচিব তাকে উদ্ধার করেন।
|
|