|
|
গিলানীর পথে রাজা পারভেজও
মাথাভাঙ্গা মনিটর: যে কারণে ইউসুফ রাজা গিলানীকে আদালতের তোপে পড়ে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছিলো, সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফও। প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হওয়ায় গতকাল বুধবার তাকে তলবের আদেশ দিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ব্যর্থতার জন্য আদালত অবমানননার কারণে কেন রাজা পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা তাকে আদালতকে জানাতে হবে। এজন্য ২৭ আগস্ট রাজা আশরাফকে আদালতে হাজির হতে হবে। সেদিন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
একই কারণে আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত হওয়ায় দু মাস আগে ক্ষমতা ছাড়তে হয়েছিলো ক্ষমতাসীন পিপলস পার্টির নেতা গিলানীকে। এরপর আশরাফ প্রধানমন্ত্রী পদে আসেন। গতকাল বুধবার আদেশ দেয়ার সময় বিচারপতি আসিফ সাঈদ খোসা সাবেক প্রধানমন্ত্রী গিলানীর পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন। বেশ কিছুদিন ধরে পাকিস্তানে সরকার ও সুপ্রিমকোর্ট মুখোমুখি অবস্থানে রয়েছে। এতে পাকিস্তানে আবার রাজনৈতিক সঙ্কটের আশঙ্কাও করে আসছেন বিশ্লেষকরা।
আততায়ীর গুলিতে নিহত বেনজির ভুট্টো ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে স্বামী জারদারির সহযোগিতায় ঘুষের অর্থ সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে পাচার করেছিলেন বলে অভিযোগ আনা হয়। এ অভিযোগটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্তমান প্রেসিডেন্ট জারদারি দাবি করে এলেও আদালত চায়, জারদারির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সরকার সুইস কর্তৃপক্ষের কাছে আবেদন করুক। কিন্তু ক্ষমতাসীন পিপলস পার্টির ভারপ্রাপ্ত প্রধান জারদারির বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরুজ্জীবনের আবেদন করেননি গিলানি। তিনি যুক্তি দেখান, রাষ্ট্রের প্রধান হিসেবে বিচারিক ক্ষেত্রে ছাড় পান প্রেসিডেন্ট। গিলানিকে দেয়া আদেশই নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ বাস্তবায়ন না করায় তাকে নোটিস দিয়েছেন সুপ্রিমকোর্ট। গত ২৭ জুন আদালত নতুন প্রধানমন্ত্রীকে একই আদেশ দিয়েছিলেন। শুনানিতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির এ জন্য আরো সময় চান।
শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে একটি মীমাংসা হওয়া দরকার এবং এক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ঈদুল ফিতরের পর পর্যন্ত শুনানি মুলতবির অনুরোধও করেন তিনি। তবে সুপ্রিমকোর্টের ৫ বিচারপতির ওই বেঞ্চ এ আবেদন নাকচ করে বলেন, এজন্য সরকারকে যথেষ্ট সময় দেয়া হয়েছে। বেঞ্চের প্রধান বিচারপতি আসিফ খোসা বলেন, আদালত তার সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও পিছু হটবে না। আদালতের নির্দেশ সত্ত্বেও ক্ষমতাসীন পিপলস পার্টি জারদারির মামলা পুনরুজ্জীবন অর্থাৎ এ নিয়ে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে অনীহা প্রকাশ করে আসছে। গত মঙ্গলবারও দলের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এ নিয়ে সুইস কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে না। গিলানীর মতো রাজা পারভেজের ক্ষেত্রেও আদালত একই পদক্ষেপ নিলে কী করা হবে, তা নিয়েও পিপিপি নেতারা আলোচনা করেন বলে জানা গেছে।
|
|