|
|
লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন  মাথাভাঙ্গা মনিটর: মনোমুগ্ধকর উদ্বোধনী আসরের মধ্যদিয়ে গতকাল শুক্রবার রাতে ৩০তম অলিম্পিক লন্ডন ২০১২’র আনুষ্ঠানিক সূচনা হলো। তবে বাংলাদেশের জন্য দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ছিলো বরাবরের মতো হতাশায় তীরন্দাজ ইমদাদুল হক মিলনের ব্যর্থতায়। এ ব্যর্থতার মধ্যেই শুটার শারমিন আক্তার রত্না আজ শনিবার সকালে স্থানীয় রয়্যাল আর্টিলারি ব্যারাকে নিজ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
কেনোনা গেমস উদ্বোধনের আগে গতকাল সকালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত আর্চারির ব্যক্তিগত ইভেন্টের র্যাংকিং ঠিক করার লড়াইয়ে তিনি ৬৪ জনের মধ্যে ৬১তম হন। যদিও ঢাকা থেকে আসার আগে কর্মকর্তারা এবং অ্যাথলিট ইমদাদুল হক মিলন নিজে ভালো নৈপুণ্য দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্রীড়া বিশ্বের অগ্রসর অংশের সাথে বাংলাদেশের অবস্থান কোথায় তা আরেকবার প্রমাণ হলো মিলনের নৈপুণ্যে। দেশসেরা এ তীরন্দাজ অবশ্য এখনো বাদ পড়ে যাননি। ৩০ জুলাই নকআউট পর্বে বৃটিশ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আছে এখনো।
তীরন্দাজ মিলনের হতাশার মধ্যেই আজ সকালে শুটিং রেঞ্জে নিজের সামর্থ্যের জানান দিতে নামবেন আরেক দেশসেরা শারমিন আক্তার রত্না। তিনি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে অংশ নেবেন। এ ইভেন্টে ৫৯ জন প্রতিযোগী অংশ নেবেন। এদের মধ্যে ৩ জনের পয়েন্ট ৪০০। অপরদিকে এ ইভেন্টের শুরুর তালিকায় তার আইকিউএস পয়েন্ট দেখানো আছে ৩৯৪। লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য তিনি বেশ কিছুদিন ধরেই স্বাগতিক শহরের অদূরে অনুশীলন করেছেন। গতকাল লন্ডনে দিনভর চেষ্টা করেও তার কোচ শোয়েবুজ্জামানের সাথে কথা বলা সম্ভব হয়নি। এখানে আসা অন্য অ্যাথলেটদের সাথে যোগাযোগের ব্যাপারেও একই দশায় পড়ছেন সাংবাদিকরা।
এদিকে চতুর্বার্ষিক এ ক্রীড়া আসরের সুপারস্টারদের কয়েকজন আজ থেকেই লড়াইয়ে নামবেন। এদের মধ্যে আছেন টেনিস তারকা রজার ফেদেরার ও প্রবাদপ্রতীম হয়ে ওঠা আমেরিকান সাঁতারু মাইকেল ফেল্পস। অপরদিকে জ্যামাইকান স্প্রিন্ট সুপারস্টার উসেইন বোল্ট জানিয়েছেন তিনি আরো অলিম্পিক পদকের জন্য প্রস্তুত। প্রায় ১৭ হাজার অ্যাথলেট এ গেমসে অংশ নিচ্ছেন। তবে ফেদেরার গত বুধবার জনাকীর্ণ এক সংবাদসম্মেলনে জানিয়েছেন অলিম্পিকে সোনা জয় গ্র্যান্ডস্ল্যাম জেতার চাইতেও কঠিন।
এদিকে গতকাল উদ্বোধনী দিনে কোনো সোনার পদকের লড়াই না থাকলেও দক্ষিণ কোরিয়া এবারের অলিম্পিকের প্রথম বিশ্ব রেকর্ড হাঁকানোর কৃতিত্ব দেখায়। পুরুষদের আর্চারি প্রতিযোগিতার ৱ্যাংকিং নির্ধারণী পর্বে অন্ধ হিসেবে রেজিস্ট্রেশন করানো তীরন্দাজ ইম ডং-হিউন ৭২টি তীর ছুঁড়ে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৯৯ তুলে এ কৃতিত্ব দেখান। তার কৃতিত্বে দলীয় বিভাগেও রেকর্ড গড়ে দক্ষিণ কোরিয়া। বেইজিং ও এথেন্স অলিম্পিকে সোনাজয়ী ২৬ বছরের ইম লন্ডনেও একই নজির গড়তে চান। তিনি অবশ্য পুরোপুরি অন্ধ নন। তার বাম চোখে ১০ ভাগ এবং ডান চোখে ২০ ভাগ দেখার ক্ষমতা আছে। সেজন্য তাকে আইনানুগভাবে অন্ধ হিসেবে ধরা হয়। কোরীয় এ তীরন্দাজ জানান, তিনি প্রতিযোগিতার সময় কোনো চশমা পরেন না। তবে টার্গেটের রং দিয়ে সেটিকে চিহ্নিত করে তীর ছুঁড়েন।
|
|