|
|
মেহেরপুর গাংনী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে ক্ষোভ বেড়েই চলছে
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কৃষকলীগের চলমান পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের মাঝে ক্ষোভ বেড়েই চলছে। গতকাল শুক্রবার কৃষকলীগ নেতৃবৃন্দ বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেছেন। নেতৃবৃন্দ বিষয়টির সুষ্ঠু সমাধান করার প্রতিশ্রুতি প্রদান করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে মিলিত হয়ে বিষয়টির তীব্র প্রতিবাদ জানান। গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি ফজলুল হক এক লিখিত বিবৃতিতে বলেছেন, বেশ কয়েক বছর আগে একই সাথে সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের মূল কমিটির কর্মসূচির সাথে একাত্ম হয়ে অদ্যবধি দক্ষতার সাথে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাংনী উপজেলা কৃষকলীগ। জেলা কমিটি থেকে কাউন্সিল করার জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি। হঠাৎ করে ২/৩ দিন আগে একজনকে আহ্বায়ক করে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে শুনতে পায়। গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল করতে হলে উপজেলা কমিটির সভাপতিকে পত্রদ্বারা অবহিত করতে হবে। পরপর তিনবার পত্রদ্বারা অবহিত করার পর যদি উপজেলা কমিটি কাউন্সিল না করে তাহলে জেলা কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। অথচ এ সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে জেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন মনগড়া একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন। গত বৃহস্পতিবার মনগড়া আহ্বায়ক কমিটির বিষয়টি জানতে পেরে উপজেলা আওয়ামী লীগ নেতৃবন্দকে অবহিত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক ও পৌর মেয়র আহম্মেদ আলীসহ নেতৃবৃন্দ সাধারণ সম্পাদকের বাসভবনে মিলিত হন। সেখানে সবকিছু অবহিত হয়ে আতিয়ার রহমান ও রিকাত আলী বিপুল সংখ্যক নেতাকর্মীদের সম্মুখে স্বেচ্ছায় লিখিত দিয়েছেন তাদের এ মনগড়া কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই। রিকাত এবং আতিয়ার রহমানকে কেউ ধরে নিয়ে আসেনি বা তাকে কেউ মারধর করেনি। এ কর্মকাণ্ডের সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বা তার কোনো লোকজনের সম্পৃক্ততা নেই। কিন্তু ওয়াসিম সাজ্জাদ লিখন সম্পূর্ণ নিজের ইচ্ছামতো একটি প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার কোনো ভিত্তি নেই। তার এ কর্মকাণ্ডে উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টির প্রতিকারের জন্য কৃষকলীগের জরুরিসভার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ফজলুল হক।
এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, সবেমাত্র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। কৃষকলীগের কমিটির এ বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হতে দেয়া হবে না। আলাপ আলোচনা সাপেক্ষে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
|
|