|
|
জীবননগর মনোহরপুর ইউনিয়নে বাজেট অধিবেশনে এমপি টগর
সঠিক সময়ে ট্যাক্স পরিশোধ করলে পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারকে বিদেশি সংস্থার দ্বারস্থ হতে হবে না
এমআর বাবু: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ গতকাল শুক্রবার বাজেট ঘোষণা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, দাতা সংস্থার সহযোগিতায় বিগত ৫ বছর ধরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে উথলী ইউনিয়ন পরিষদ উন্মূক্তভাবে বাজেট ঘোষণা করে জনগণের আস্থা অর্জনসহ জেলায় নজির স্থাপন করেছে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থ বরাদ্দের আগেই বিশ্ব ব্যাংক দুর্নীতির ভুয়া অভিযোগ তুলে এর চুক্তি বাতিল করলে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন। সঠিক সময়ে যদি আমরা আমাদের ট্যাক্স পরিশোধ করি তাহলে পদ্মা সেতু নির্মাণের জন্য আমাদেরকে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে থাকতে হবে না।
উথলী ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দীনের সভাপতিত্বে এবং ওয়েভ ফাউন্ডেশনের এলআরপি ম্যানেজার কামরুজ্জামান যুদ্ধর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান, কাশফিয়া ফিরোজ ও রেজোয়ান সিদ্দিক। বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল হান্নান। বাজেটের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন- ইউপি সদস্য ইউনূছ আলী। ইউপি সচিব লিয়াকত আলী ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য ৯৯ লাখ ৫ হাজার ১৫৪ টাকা বাজেটের বিস্তারিতভাবে উপস্থাপন করার পর উন্মূক্ত আলোচনায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুল মান্নান পিল্টু। উপস্থিত ছিলেন- কাজি বদরুদ্দোজা, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলী, মেহেরপুর পল্লীবিদ্যুত সমিতির সচিব হায়দার আলী, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দাউদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন সুরুদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান প্রমুখসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী উপস্থিত ছিলেন।
|
|