|
|
টুকরো খবর: দেশ-বিদেশ
হুমায়ূনের মরদেহ দেশে আসছে রোববার
স্টাফ রিপোর্টার: নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ দেশে পৌঁছাবে আগামী রোববার। গতকাল শুক্রবার জুমার পর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা হবে। ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে মারা যান হুমায়ূন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় এ লেখক হুমায়ূন আহমেদের বয়স হয়েছিলো ৬৪ বছর। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম হয়েছিলো তার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এমএ মোমেন বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ খবর জানান। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোট ভাই মুহাম্মদ জাফর ইকবাল, বন্ধু মাজহারুল ইসলামের সাথে ড. মোমেনও মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন।
মাগুরায় দু দলের সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার: মাগুরার মোহাম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নহাটা বাজারে এ সংঘর্ষে নিহতের নাম নুরুল মোল্লা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পাশের নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী আজাদ রহমান বলেন, নহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আলী মিয়া ও মোস্তফা কামাল লিটন এ দু আওয়ামী লীগ সমর্থকের বিরোধ সৃষ্টি হয়। নির্বাচনে লিটন বিজয়ী হন। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নহাটা বাজারে ঝিকু নামে লিটনের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নারানদিয়া ও বেড়জা গ্রামের আলী মিয়ার সমর্থক এবং নহাটা, পাটিঘাটা, সালথা গ্রামের লিটন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নহাটা পুলিশ ক্যাম্পের এসআই সাইদুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করেছে।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ গরুব্যবসায়ী গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে ২ গরুব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- কলারোয়ার সুলতানপুর গ্রামের পুটি ফকিরের ছেলে হোসেন আলী (২০) ও ভারতীয় নাগরিক সাদেক আলী (২২)। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে উপজেলা সুলতানপুর সীমান্তের ১ নং গেটের বিপরীতে ৫০ গজ ভেতরে ভারতের গোবরদহ সীমান্তে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, বৃহস্পতিবার গভীররাতে ৪/৫ জন গরুব্যবসায়ী উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে ভারতের ২৪ পরগনা জেলার হঠাৎগঞ্জ হাটে গরু কিনতে যায়। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সুলতানপুর সীমান্তের বিপরীতে ভারতের গোবরদহ সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় গোবরদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের তাড়া করে এবং পেছন দিক থেকে গুলি ছুড়ে । এতে হোসেন আলী (২০) ও সাদেক আলী (২২) গুলিবিদ্ধ হন।
দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম-রংপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। ছিনাই বাজারের কাছে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম (৩৮) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, রহিম মোটরসাইকেলে লালমনিরহাট পৌর এলাকায় নিজ বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। রহিমের স্ত্রী, এক ছেলে (৭) ও এক মেয়ে (৫) রয়েছে।
চট্টগ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার চর পাথরঘাটা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. ইউসুফ (৩২) চর পাথরঘাটা এলাকার মো. শফিকের ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল এহসানুল হক জানান, নিজ বাড়িতে কাজ করার সময় ইউসুফ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপর হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এইচএসসিতে উত্তীর্ণ হতে না পেরে বিষপান
স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে বিষপানে চট্টগ্রামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তন্ময় দে দ্বীপ নগরীর ওমর গনি এমইএস কলেজ থেকে ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার দুলাল চন্দ্র দের ছেলে। দ্বীপের মামা চন্দন দাশ জানান, ২০১০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় দ্বীপ। কিন্তু এইচএসসিতে রসায়ন বিষয়ে উত্তীর্ণ হতে না পেরে গত বুধবার বিকেলে বাড়িতে ফিরে কীটনাশক পান করে সে।
যুক্তরাষ্ট্রে ব্যাটম্যানের প্রিমিয়ার শোতে গুলি : নিহত ১৪
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ফিকশন সিনেমা ব্যাটম্যানের দ্য ডার্ক নাইট রাইজেস সিক্যুয়েলের প্রিমিয়ার শোতে গুলির ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৫০ জন। স্থানীয় রেডিও স্টেশন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে ডেনভারের একটি থিয়েটারে ব্যাটম্যানের ওই সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েলের শো চলাকালে অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। রেডিওস্টেশনটি আরো জানায়, অরোরা শহরতলীর একটি মলে প্রদর্শনী চলাকালে গ্যাসমাস্ক পরা একজন লোক গুলি চালায় এবং টিয়ারগ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে আটক করেছে। একজন প্রত্যক্ষদর্শীর বলেন, একজন লোককে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা গেছে। তিনি ভিড় ঢেলে পথ করে নিচ্ছিলেন এবং আকস্মিকভাবেই গুলি করতে শুরু করেন।
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি স্পিকার
মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার হামাসের অন্যতম শীর্ষ নেতা আজিজ দেইককে মুক্তি দিয়েছে ইসরায়েল। ৬ মাসেরও বেশি সময় ইসরায়েলি কারাগারে বিনা বিচারে আটক ছিলেন তিনি। গত বৃহস্পতিবার আজিজ দেইকের মুখপাত্র বাহা ইউসুফ জানান, অধিকৃত পশ্চিম তীরের বেইত সিরা রোড ব্লকের কাছে তাকে মুক্তি দেয় ইসরায়েল। ইসরায়েলি কারা কর্তৃপক্ষের মুখপাত্র সিভান ওয়েজম্যান তার মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন। দেইকের আইনজীবী ফাদি কাসমে জানান, তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ না বাড়ানোর আবেদন ইসরায়েলি কর্তৃপক্ষ মঞ্জুর করলে মুক্তি পান তিনি। চলতি বছরের শুরুতে ১৯ জানুয়ারি জেরুজালেম এবং পশ্চিম তীরের রামাল্লাহ শহরের মধ্যবর্তী একটি রোড ব্লক থেকে তাকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক করে রাখার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে দাবি করা হয়, তার আটকাদেশ জরুরি কারণ সন্ত্রাসী সংগঠনের সাথে তার সংযোগ রয়েছে।
জানজিবারে ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৮
মাথাভাঙ্গা মনিটর: জানজিবারের পশ্চিমে চুম্বি দ্বীপের কাছে ভারত মহাসাগরে গত বুধবার তানজিনিয়ার এক ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে এক খবরে নিহতের সংখ্যা ৩১ বলে জানানো হয়েছিলো। নিহতদের মধ্যে মার্কিন এক নাগরিকও রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনেরও বেশি বিদেশি পর্যটক রয়েছে বলে পুলিশের মুখপাত্র মোহাম্মদ হিনা জানান। তিনি বলেন, নিহত ৬৮ জনের মধ্যে ৫৪ জনকে শনাক্ত করেছেন তাদের আত্মীয়স্বজনেরা। আর আগামীকাল সকাল পর্যন্ত আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
ব্রাজিলে আদিবাসী নেতা হত্যায় ১৮ জন গ্রেফতার
মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের আদিবাসী নেতা নিসিও গোমেজকে (৫৯) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বছরের নভেম্বর মাসে দক্ষিণাঞ্চলীয় মাতো গ্রোসো দো সুল প্রদেশে হত্যা করা হয় তাকে। কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র পোন্টা পোরা বলেন, গুয়ারানি কাইয়োওয়া গোষ্ঠীর নেতা গোমেজের শিবিরে হামলা চালাতে ব্যক্তিমালিকানাধীন একটি নিরাপত্তা ফার্মকে ভাড়া করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্র্রেক্ষিতে এ ফার্মের ১০ জনকে আটক করা হয়েছে। আর এদের দেয়া তথ্যের ভিত্তিতে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে আটক করা হয়েছে আরো আট ব্যক্তিকে।
ইসরায়েলি পর্যটক বাসে আত্মঘাতী হামলা
মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েলি পর্যটকবাহী বাসে আত্মঘাতী হামলা হয়েছে বলে দাবি করেছেন বুলগেরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী। গত বুধবার বুলগেরিয়ার বুরগাস এয়ারপোর্টের ওই হামলায় সাত জন নিহত হয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী টেসভেটান টেসভেটানভ জানান, হামলাটি চালিয়েছে এক আত্মঘাতী বোমা হামলাকারী। ভিডিও ফুটেজে তাকে অন্যান্য পর্যটকদের একজন বলেই মনে হচ্ছিলো। হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গিদের দায়ী করেছে ইসরায়েল। তবে হামলার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
|
|