|
|
ক্যাপেলোই রাশিয়ার নতুন কোচ
মাথাভাঙ্গা মনিটর: আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো যে ফ্যাবিও ক্যাপেলোই রাশিয়ার নতুন কোচ হতে যাচ্ছেন। অবশেষে সেটাই সত্য হলো। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্যাপেলোই রাশিয়ার কোচ হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার অধিনায়ক আন্দ্রে আরশাভিন। আজ নিজের ওয়েবসাইটে এ খবর জানিয়েছেন রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফুটবলার। ক্যাপেলোকে আগাম অভিনন্দনও জানিয়েছেন আরশাভিন।
রাশিয়ার নতুন কোচের জন্য বিবেচিত হয়েছিলেন অনেকেই। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা, রাফায়েল বেনিতেজ, মার্সেলো লিপ্পি, মার্সেলো বিয়েলসাসহ আরও অনেকে। কিন্তু ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলোই যে রাশিয়ার প্রথম পছন্দ ছিলেন, তা বেশ খোলাখুলিই জানিয়েছিল রাশিয়ার ফুটবল ইউনিয়ন। আজ হয়তো সেই নতুন কোচের সাথে চুক্তির ব্যাপারটিও চূড়ান্ত করে ফেলেছে রাশিয়া। দলের অধিনায়ক আরশাভিন নিজের ওয়েবসাইটে বলেছেন, ‘রাশিয়ার জাতীয় দলের কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন ফ্যাবিও ক্যাপেলো। আমরা তার নতুন চাকরির সফলতা কামনা করছি। ৩১ বছর বয়সী আরশাভিন হয়তো আগে থেকেই খবরটা জেনে গেছেন। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ৬৬ বছর বয়সী ক্যাপেলো। আর এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করেন কোচ ডিক অ্যাডভোকেট। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলো রাশিয়া
|
|