|
|
১০ জেলার যান ফেরিঘাট পার হবে না : আজ থেকে ঢাকা-খুলনা পথে যোগাযোগ বন্ধের আশঙ্কা
স্টাফ রিপোর্টার: পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কর্মসূচির কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথে খুলনা বিভাগের ১০ জেলার বাস যোগাযোগ আজ রোববার থেকে কার্যত বন্ধ থাকবে। পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে খুলনা বিভাগের কোনো যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট পার হবে না। গতকাল শনিবার দুপুরে যশোর আন্তঃজেলা বাস সিন্ডিকেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের যানজট নিরসন, পুলিশ ও দালালদের চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। খুলনা-ঢাকা রুটের কয়েকজন বাসমালিক নাম না প্রকাশের শর্তে জানান, সরাসরি ঘোষণা করা না হলেও কার্যত এটি ধর্মঘট। খুলনার ১০ জেলা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস রোববার ছেড়ে যাবে না। তবে এ সিদ্ধান্তের ফলে জনদুর্ভোগের আশঙ্কা করছে সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে বলা হয়, দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেয়া হলেও কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে পণ্যবাহী (পচনশীল দ্রব্য) কোনো ট্রাক খুলনা থেকে ঢাকায় যেতে চাইলে দৌলতদিয়া ফেরিঘাটের পরিবর্তে যমুনা সেতু হয়ে যেতে পারবে বলে মালিক ও শ্রমিক নেতারা জানান।
|
|