|
|
বহিরাগতদের সাথে নিয়ে ছাত্রলীগ নেতা কোপালেন সাংবাদিককে
স্টাফ রিপোর্টার: দৈনিক যায়যায়দিন পত্রিকার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল শনিবার তিনি পাঁচ-সাতজন বহিরাগত সন্ত্রাসীকে নিয়ে তার ওপর হামলা চালান। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। হামলাকারী ছাত্রলীগের নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিভাগ সূত্র জানায়, ক্লাসের সময়সূচি জানানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আয়াজ আজাদ ও তার সহপাঠী তরিকুল ইসলামের মধ্যে গত বৃহস্পতিবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজাদকে মারতে উদ্যত হন। ঘটনাটি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী বিভাগীয়ভাবে বিষয়টি সমঝোতার জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক শাহজাহান মণ্ডলকে দায়িত্ব দেন। ওই দিন দুপুরেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন উভয়কে ডেকে নিয়ে সমঝোতা করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে নয়টার দিকে সাংবাদিক আজাদ তার নিজ বিভাগে গেলে ছাত্রলীগের নেতা মেহেদি হাসান ও তরিকুল ইসলাম বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে আজাদের ওপর হামলা করেন। এ সময় আজাদকে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাকে কুষ্টিয়ার সদর হাসপাতালে পাঠানো হয়।
|
|