|
|
দামুড়হুদা থানা পুলিশের অবৈধযান আটক অভিযান
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ অবৈধযান আটক অভিযান অব্যাহত রেখেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুল হকের নেতৃত্বে থানা পুলিশ গতকাল ও পরশু চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে দিনভর অবৈধযান আটক অভিযান চালিয়ে দুদিনে ৫টি আলমসাধু, ৫টি ইজিবাইক ও ২টি করিমন আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ বলেন, সড়ক-মহাসড়কে আলমসাধু, নসিমন, করিমন, ইজিবাইক, ভটভটি ইত্যাদি অবৈধ যানবাহন চলাচলের বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের প্রেক্ষিতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে গত ২ জুলাই পরিবহন সেক্টরের বিভিন্ন সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিআরটিএ’র প্রতিনিধির সমন্বয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক সড়ক-মহাসড়কে আলমসাধু, নসিমন, করিমন, ইজিবাইক, ভটভটি ইত্যাদি অবৈধ যানবাহন চলাচলের বন্ধের লক্ষ্যে প্রতিটি থানার অফিসার ইনচার্জকে নির্দেশনাবলী প্রদান করা হয়। সেই সাথে এ ধরনের অবৈধযান তৈরি প্রতিষ্ঠানগুলোর বৈধতা সম্পর্কে যাচাই-বাছাই করত আইনগতভাবে বন্ধ করার পদক্ষেপ নেয়ারও নিদের্শনা প্রদান করা হয়। জনদুর্ভোগ এড়াতে এ বিষয়ে উপজেলার বিভিন্ন সড়কে গত ৩ জুলাই মাইকিং করা হয়। সরকারি নির্দেশনায় পরিচালিত এ অবৈধযান আটক অভিযান চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
|
|