|
|
ভৈরব থেকে মাটি চুরি ও রাস্তার পাশ থেকে বালি তুলে বিক্রি : দুটি মামলা
বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আইনগত পদক্ষেপ
দামুড়হুদা প্রতিনিধি: ভৈরব নদী থেকে মাটি কেটে ট্রাকে তুলে ইটভাটায় নেয়া ও দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের গোবিন্দপুর ছটাঙ্গার মাঠ নামকস্থান থেকে বালি তুলে বিক্রির অভিযোগ তুলে দুটি মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদ হোসেন গতকাল বুধবার দুটি এহাজার দায়ের করেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের কয়েকটি ধারায় এ এজাহার দাখিল করা হয়েছে।
রাস্তার পাশে থেকে বালি তুলে বিক্রির অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলো- নাপিতখালীর নূর মোহাম্মদ মণ্ডলের ছেলে ছানোযার হোসেন, কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার আবু বকরের ছেলে শরিফুল ইসলাম, দুর্গাপুর উঠতিপাড়ার মহিউদ্দীনের ছেলে রতন মণ্ডল, বাঘাডাঙ্গার আনছার আলীর ছেলে রওশন, একই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মাজিবর রহমান, খেদের আলীর ছেলে পটল, তেতুল মণ্ডলের ছেলে আসাদুল, ধান্যঘরার রহমানের ছেলে আশরাফুল, একই গ্রামের আসমান আলীর ছেলে সুজন ও বাদল চৌকিদারের ছেলে মিয়া। এদের মধ্যে ছানোয়ার হোসেন বালি তুলে বিক্রি করে। অন্যদের মধ্যে কেউ ট্রাক্টরচালক, কেউ লেবার। পরশু আটকৃত ট্রাক্টর দুটি দুজন স্বাক্ষীর উপস্থিতিতে মালিকের জিম্মায় দেয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। অপরদিকে ভৈরব নদী থেকে মাটি তুলে ট্রাক্টরের ট্রলিযোগে টপটেন ইটভাটায় নেয়া হচ্ছিলো বলে অভিযোগ তুলে দায়ের করা মামলায় বলা হয়েছে, মাটিসহ আটক ট্রাক্টরটি ইউপি সদস্য হাসান আলীর জিম্মায় রাখা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার মোক্তারপুর মৌজার ভৈরব নদীর গালায় অবৈধভাবে মাটি চুরি করে দেদারছে ইটভাটায় নেয়া হচ্ছিলো। সংবাদ পেয়ে গতপরশু মঙ্গলবার সকালে দামুড়হুদা মডেল থানার এসআই খলিলুর রহমান ও ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জালাল উদ্দীন একরাম অভিযান চালিয়ে ট্রাক্টর আটক করেন। চালক ও মাটিকাটা শ্রমিকরা কৌশলে সটকে পড়ে। এ বিষয়ে ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা প্রতিবেদন পেশ করেন। এ প্রতিবেদনের বরাত দিয়ে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) গতকাল দামুড়হুদা থানায় এজাহার দাখিল করেছেন। এছাড়া একই দিন দুপুরে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের গোবিন্দপুর ছটাঙ্গার মাঠ নামকস্থানে রাস্তার পাশে থেকে দেদারছে বালি তুলে স্তুপ গড়ে তুলেছে ছানোয়ার। সেখান থেকে প্রকশ্যেই দীর্ঘদিন ধরে বিক্রি করা হচ্ছিলো বালি। গতপরশু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। দুটি ট্রাক্টরসহ চালক ও শ্রমিকসহ ১০ জনকে আটক করা হয়। আটকৃকত ট্রাক্টর মালিকদের জিম্মায় ও আটককৃকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গতকাল বুধবার তাদের বিরুদ্ধেই দামুড়হুদা থানায় এজাহার দাখিল করা হয়েছে।
|
|