|
|
গাংনীর বামন্দী এলাকায় সুষ্ঠু বিদ্যুত সরবরাহ ও সাবস্টেশন স্থাপনের দাবিতে ৪ ইউনিয়নের বিদ্যুত গ্রাহকদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
মাজেদুল হক মানিক: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীসহ ৪টি ইউনিয়নের বিদ্যুত গ্রাহকরা পল্লী বিদ্যুত সমিতির সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অনিয়মতান্ত্রিক লোডশেডিং, লো-ভোল্টেজ, গ্রাহক হয়রানি এবং জরুরি প্রয়োজনের কথা বলে সময়ে অসময়ে বাড়তি লোডশেডিঙের কারণে জনজীবন বিপর্যস্ত প্রায়। এমন সব অভিযোগ উত্থাপন করে এর প্রতিবাদে বামুন্দি, তেঁতুলবাড়িয়া, কাজিপুর ও মটমুড়া ইউনিয়নের বিদ্যুত গ্রাহকরা বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে বামন্দী ইউনিয়ন পরিষদে বিক্ষুদ্ধ এলাকাবাসী জড়ো হয়ে মতবিনিময়সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী শনিবার বামন্দীতে সর্বস্তরের বিদ্যুত গ্রাহকদের প্রতিবাদ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিদ্যুত গ্রাহকদের অভিযোগ, বামন্দী এলাকা মেহেরপুর জেলার মধ্যে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এ এলাকায় আবাসিক গ্রাহকসহ মিল-কারখানা ও ক্ষুদ্রশিল্প এবং ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এ এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৬/৭ ঘণ্টা বিদ্যুত থাকে। তারপরেও আবার দিনের বেলায় বিদ্যুত পাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে। মাঝে মাঝে জরুরি লোডশেডিঙের কথা বলে ঘণ্টার পর ঘন্টা বিদ্যুত বন্ধ রাখা হয়। অন্যদিকে গুরুত্বপূর্ণ এ লাইনটি দীর্ঘ হওয়ায় লো-ভোল্টেজের কারণে কাজকর্ম বিঘ্নিত হয় এবং নষ্ট হয়ে যায় মূল্যবান জিনিসপত্র। তাই লোডশেডিং কমানো এবং বামন্দী এলাকায় বিদ্যুতের একটি সাবস্টেশন স্থাপনের দাবিতে এ আন্দোলন শুরু করতে যাচ্ছেন ওই এলাকার বিদ্যুত গ্রাহকরা।
গতকাল দুপুরে বামন্দী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন- মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেহেরপুর পিবিএস’র বামন্দী এলাকা পরিচালক জিন্নাতুল ইসলাম, সাবেক পরিচালক মোজাম্মেল হক, সুইটস ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মতিউর রহমান, জামান ক্লোড স্টোরের মালিক কামরুজ্জামান, ট্রাকমালিক সমিতির সম্পাদক ইছার উদ্দিন, মিলমালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, বামন্দী বাজারে ব্যবসায়ী মহিবুল হক পলাশ, মাহাবুবুল আলম স্বপন প্রমুখ। সভাটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা চিকিৎসক নুরুল হুদা।
|
|