|
|
পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন : শাহাবুদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা : পিপিপির প্রার্থী রাজা পারভেজ
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে রাজা পারভেজ আশরাফের নাম চূড়ান্ত করেছে। এর আগে ঘোষিত প্রার্থী মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গতকাল বৃহস্পতিবার দলটি এ সিদ্ধান্ত নেয়।
প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন বসছে। পাকিস্তানের প্রেসিডেন্ট পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি গতকাল দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মখদুম শাহাবুদ্দিনের নাম ঘোষণার দু ঘণ্টা পর দেশটির একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় দুটি প্রতিষ্ঠানকে কোটা নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ইফেড্রিন উৎপাদনের অনুমোদন দেন তিনি। একই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পদচ্যুত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী মুসা গিলানির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চ তাদের গ্রেফতার করতে মাদকবিরোধী বাহিনীকে (এএনএফ) নির্দেশে দিয়েছেন।
এএনএফের একটি সূত্র জানায়, শাহাবুদ্দিনকে গ্রেফতার করা শুধু সময়ের ব্যাপার। তাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। গত মে মাসে এএনএফ’র জিজ্ঞাসাবাদে শাহাবুদ্দিন নির্ধারিত কোটার চেয়ে বেশি ইফেড্রিন উৎপাদনের অনুমোদনের বিষয়টি স্বীকার করেন। তবে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, নির্ধারিত কোটার বিষয়টি তার জানা ছিলো না।
প্রধানমন্ত্রী পদের জন্য পিপিপির দলীয় প্রার্থী হিসেবে প্রথম পছন্দের ছিলেন শাহাবুদ্দিন। তিনিসহ পিপিপির নেতা রাজা পারভেজ আশরাফ ও কামার জামান কায়রা প্রধানমন্ত্রী পদে তাদের মনোনয়নপত্র জমা দেন। শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পিপিপি দ্বিতীয় পছন্দের প্রার্থী রাজা পারভেজ আশরাফকে দলের চূড়ান্ত প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা দেয়।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাই পিপিপি প্রধানমন্ত্রী পদের জন্য তাকে বাদ দিয়ে রাজা পারভেজ আশরাফের প্রার্থিতা চূড়ান্ত করে। দেশটির প্রধান বিরোধীদল নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও উলেমা-ই- ইসলাম-ফজল (জেইউআই-এফ) পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছে। পিএমএলের প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র দাখিল করেন মেহতাব আব্বাসি। জেইউআই-এফ’র পক্ষে দাখিল করেন দলের প্রধান ফজলুর রহমান।
আদালত গত মঙ্গলবার গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচারের মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমকোর্ট। গিলানি সেই নির্দেশ পালন না করায় গত ২৬ এপ্রিল গিলানিকে দোষী সাব্যস্ত করা হয়। এ জন্য আদালত তাকে প্রতীকী দণ্ড দেন। গিলানি এর বিরুদ্ধে আপিল করেননি।
|
|