|
|
কোটচাঁদপুরের পল্লিতে আগ্নিকাণ্ডে গরু-হাঁস-মুরগি ভস্মীভূত : ঝলসে গেছেন গৃহকর্তা
মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে গিয়ে অগ্নিকাণ্ড
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুরের পল্লিতে গত বৃহস্পতিবার রাতে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৩টি গোয়াল ঘর, ২টি রান্নাঘর, ১টি গরুসহ বেশ কিছু হাঁস, মুরগি ও কবুতর আগুনে ঝলসে মারা গেছে। এছাড়াও ৩টি গরু ও গৃহকর্তা মুজিবর আগুনে ঝলসে আহত হয়েছে। এ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার কামারকুণ্ডু গ্রামের গোলাপ মণ্ডলের ছেলে আবুবকর, মুজিবর ও ওসমান গণির গোয়াল ঘরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুন লাগে। এ সময় সবাই ঘুমিয়ে ছিলো। হঠাৎ গরুর ডাকে ঘুম ভেঙে গেলে তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আগ্নিকাণ্ড দেখে নেভানোর চেষ্টা চালায়। এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পাশাপাশি ৩টি গোয়ালঘর ও ২টি রান্নাঘর ভস্মীভূত হয়। সেই সাথে ১টি গরুসহ বেশ কিছু হাঁস, মুরগী ও কবুতর আগুনে ঝলসে মারা যায়। আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে গৃহকর্তা মুজিবর ঝলসে যান। এছাড়াও ৩টি গরু আগুনে আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এ প্রতিবেদককে জানান, গোয়াল ঘর থেকে মশা তাড়ানোর জন্য ধোঁয়ার ব্যবস্থা থেকেই এ আগুনের সূত্রপাত ঘটে।
|
|